তিন দিনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

তিন দিনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। গত অক্টোবরে নিয়োগ পাওয়ার পর বাংলাদেশে এটিই তার প্রথম সফর।

খসড়া সূচি অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন বুধবার (৪ মার্চ) সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন পল কাপুর। এই সফরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও একাধিক বৈঠক করবেন। মূলত বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো এই আলোচনায় প্রাধান্য পেতে পারে।

ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর মার্কিন কূটনীতিতে একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। গত বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য মনোনীত করেন। মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির অনুমোদনের পর গত অক্টোবরে তার নিয়োগ চূড়ান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *