রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা, পরিবারসহ সৌদি ছাড়লেন রোনালদো

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হয়েছে চরম অস্থিরতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর খবরের পরপরই পাল্টা আঘাত শুরু করেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পরপরই নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার সকালেই ব্যক্তিগত বিমানে করে তিনি সৌদি আরব ত্যাগ করেছেন। এ সময় তার সাথে ছিলেন দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও তাদের পাঁচ সন্তান। ধারণা করা হচ্ছে, যুদ্ধের এই ভয়াবহতা থেকে বাঁচতে আপাতত ইউরোপের কোনো নিরাপদ গন্তব্যে পাড়ি জমিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যের এই চরম অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। উদ্ভূত পরিস্থিতিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, অঞ্চলজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করায় বাকি লিগগুলোর সূচিও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত খেলোয়াড় এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *