রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে এসে বেপরোয়া ট্রাকের চাপায় ট্রাক মালিকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যার পর ‘সপ্তবর্ণা ফিলিং স্টেশনে’ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার স্বপন মিয়া (২২)। সোবাহান পাটোয়ারী পেশায় একজন ড্রাম ট্রাকের মালিক এবং স্বপন মিয়া একটি মালবাহী ট্রাকের হেলপার ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোবাহান পাটোয়ারী তাঁর ট্রাকে তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে এসে ট্রাক থেকে নেমে মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। একই সময়ে অন্য একটি ট্রাকের হেলপার স্বপন মিয়াও সেখানে সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় একটি মাহেন্দ্র গাড়ি তেল নিচ্ছিল। হঠাৎ একটি বেপরোয়া গতির ট্রাক পাম্পে ঢুকে পেছন থেকে মাহেন্দ্র গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান ও স্বপন ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
