জামালপুর সদর থানায় কাগজ পোড়ানোর আগুন থেকে আতঙ্ক; নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

জামালপুর সদর থানায় অপ্রয়োজনীয় কাগজপত্র ও আবর্জনা পোড়ানোর আগুন দমকা হাওয়ায় ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। রোববার (১৫ মার্চ) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে থানার পরিত্যক্ত কাগজপত্র এবং ক্যাম্পাসের গাছের শুকনো পাতায় আগুন দেওয়া হয়। কিন্তু সন্ধ্যার পর থেকে বজ্রপাত ও ঝড়ো হাওয়া শুরু হলে আগুনের তীব্রতা বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে প্রবল বাতাসের কারণে আগুনের শিখা ও ছাই চারদিকে উড়তে শুরু করলে পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আতঙ্কিত পুলিশ সদস্যরা বৃষ্টির মধ্যেই নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে রাত ১১টার পর বাতাসের বেগ কমলে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ওয়েস্টেজের আগুন বাতাসে ছড়িয়ে পড়েছিল। পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির বা হতাহতের ঘটনা ঘটেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *