ইসরায়েলের কাছে তথ্য পাচারের অভিযোগ; ইরানে গ্রেফতার ২০

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার গোপনীয় তথ্য ইহুদি রাষ্ট্রের কাছে পাঠানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর দপ্তরের একটি বিবৃতিতে জানানো হয়েছে, জায়নিস্ট শাসনের সঙ্গে যুক্ত কয়েকটি ‘ভাড়াটে নেটওয়ার্ক’ শনাক্ত করা হয়েছে। এই নেটওয়ার্কের সদস্যরা ইরানের সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং স্পর্শকাতর নিরাপত্তা স্থাপনাগুলোর অবস্থানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যথাযথ বিচারিক আদেশের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় লিপ্ত এই গোয়েন্দা চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের বৈরী দেশ ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই বিশাল নেটওয়ার্কটি ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *