সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম (Measles) আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। এরই মধ্যে অন্তত ১০টি জেলায় হামের প্রকোপ ছড়িয়ে পড়েছে। সরকারি তথ্যমতে, সংক্রামক ব্যাধি হাসপাতালেই চলতি বছরের প্রথম তিন মাসে ২২ শিশুর মৃত্যু হয়েছে।
সংক্রামক ব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল জানান, চলতি বছরে এখন পর্যন্ত ছয় শতাধিক হাম আক্রান্ত রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শুধু মার্চ মাসেই আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন পাঁচ শতাধিক রোগী। সারাদেশে শুধু এই মাসেই অন্তত ২১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে হাসপাতালটিতে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের মধ্যেই এই রোগের সংক্রমণ বেশি দেখা দিচ্ছে। ডা. শ্রীবাস পাল বলেন, “অনেকে নিয়মিত টিকা না পাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি, যার ফলে প্রাদুর্ভাব বেড়েছে।”
হাম প্রতিরোধে কোভিডের সময়কার স্বাস্থ্যবিধি (মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব) মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
