জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা শেষে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীর সংসদ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন। সেখানে তারা প্রায় ১৭-১৮ মিনিট একান্ত আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নিজে হেঁটে বিরোধীদলীয় নেতাকে তাঁর কক্ষ পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন।
এই সংক্ষিপ্ত আলোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যদিও বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সংসদীয় গণতন্ত্রে সরকার ও বিরোধী দলের শীর্ষ দুই নেতার এমন হৃদ্যতাপূর্ণ অবস্থানকে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক হিসেবে দেখছেন। জানাজায় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
