রাজশাহীতে হামের ভয়ংকর রূপ: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৯

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন এবং বেসরকারি রয়েল হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে মোট ৪৯ জন শিশুর প্রাণহানি ঘটলো।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৮ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ১২৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের শরীরে র‍্যাশ, তীব্র জ্বর, শ্বাসকষ্ট ও চোখের ইনফেকশন দেখা দিচ্ছে। যাদের শ্বাসকষ্ট প্রকট, তাদের আইসিইউ সহায়তার প্রয়োজন হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহায়তায় নমুনা পরীক্ষায় ইতোমধ্যে ১০টি নমুনায় হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ রাজশাহী বিভাগের ২৬টি এলাকাকে ‘প্রাদুর্ভাব এলাকা’ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে পাবনায় ১০টি, রাজশাহীতে ৬টি (যার ৫টি মহানগরের ভেতরে), নওগাঁয় ৫টি, চাঁপাইনবাবগঞ্জে ৩টি এবং নাটোর ও সিরাজগঞ্জে একটি করে এলাকা রয়েছে।

রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক শাহিদা ইয়াসমিন জানান, আক্রান্ত শিশুদের লক্ষণগুলো একই রকম এবং সঠিক সময়ে পদক্ষেপ না নিলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *