রাজধানী ঢাকার যানজটমুক্ত যাতায়াতের প্রধান ভরসা মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে। বিশেষ করে রাতে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে চলাচলের সময় ৪০ থেকে ৫০ মিনিট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটের পরিবর্তে রাত ১১টায় ছেড়ে যাবে। অন্যদিকে, উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেনটি রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার কথা রয়েছে। চলতি মে মাসের শেষ দিকে অথবা পবিত্র ঈদুল আজহার পর এই নতুন সময়সূচি কার্যকর হতে পারে।
যাত্রীদের চাপ সামলাতে বর্তমানে পিক আওয়ারে দুই ট্রেনের মধ্যকার ৫ মিনিটের ব্যবধান কমিয়ে সাড়ে ৪ মিনিট করা হচ্ছে। এর ফলে দিনের ট্রিপ সংখ্যা বর্তমানে ২৯৭টি থেকে আরও বাড়বে। বর্ধিত সূচি বাস্তবায়নের জন্য ডিএমটিসিএল বিদ্যমান ১২ সেটের পরিবর্তে ১৪ সেট ট্রেন সার্বক্ষণিক চলাচলের জন্য ব্যবহার করবে।
রাতে মেট্রোরেলের সময় বাড়ানোর খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা। বিশেষ করে আইনজীবী বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যারা রাত ১০টার পর বাসায় ফেরেন, তাদের জন্য এটি বড় স্বস্তি নিয়ে আসবে। বর্তমানে মেট্রোরেলে দিনে গড়ে সোয়া চার লাখ যাত্রী যাতায়াত করছেন। কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ চালু হলে এই সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম জানান, রাতে উভয় দিক থেকেই সময় বাড়ানোর পরীক্ষা চলছে। সড়ক পরিবহন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
