নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে মালামাল খালাসের সময় ক্রেনের তার ছিঁড়ে মাথায় ভারী গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন—সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) এবং একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)। এ ঘটনায় মিশু নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরের ট্রাইকম ঘাটে জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করা হচ্ছিল। ক্রেন চালক আমিনুল ইসলাম যখন কাজ করছিলেন, তখন নিচে তিনজন শ্রমিক মালামাল সরানোর কাজ করছিলেন। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে মালামাল ধরার ভারী গ্রাফটি শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আলামিন নামে একজন মারা যান। অন্য শ্রমিকরা গুরুতর আহত আমিন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক জানান, “হঠাৎ তার ছিঁড়ে গ্রাফটি শ্রমিকদের ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ নিয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।”
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ করছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, “ঘটনাটি শোনার পরপরই পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। শ্রমিকদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
