দেশের বাজারে আরও এক দফা বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দামগুলো হলো:
২২ ক্যারেট: ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা (ভরি প্রতি বেড়েছে ৩,৩২৪ টাকা)।
২১ ক্যারেট: ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা।
১৮ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।
স্বর্ণের এই আকাশচুম্বী দামের নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বিমান হামলার জেরে বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কয়েকগুণ বেড়েছে। মঙ্গলবার টানা পঞ্চম দিনের মতো বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৫ হাজার ৩৭৭ দশমিক ২১ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ১ শতাংশ বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৩৯১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা অনিশ্চয়তার মুখে স্বর্ণের দিকে ঝুঁকছেন।
