দেশের বাজারে আবারও বড় লাফ দিয়েছে স্বর্ণের দাম। সব রেকর্ড ভেঙে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম আড়াই লাখ টাকা ছাড়িয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নতুন এই দর নির্ধারণ করেছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন মূল্যে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। এর আগে গত ৬ এপ্রিল দাম কমানোর পর এই মান বজায় ছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকায়।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজার ও দেশীয় চাহিদার অস্থিরতায় এই রেকর্ড দামের সৃষ্টি হয়েছে।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৫৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩১ বার বাড়ানো হয়েছে এবং ২২ বার কমানো হয়েছে। উল্লেখ্য যে, বিগত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।
