ট্রাম্প-খামেনি সমঝোতা: ২ সপ্তাহের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি চালুর ঘোষণা

মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কা আপাতত কাটল। ইরানের ওপর পূর্বঘোষিত হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে এবং সেখানে যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে এই যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, ইরান অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালি খুলে দেবে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরান ও ওমান নির্দিষ্ট হারে টোল আদায় করতে পারবে। এই আয়ের অর্থ ইরান তাদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে ব্যয় করবে।

ট্রাম্পের বার্তার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে সাময়িক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যদি ইরানের ওপর হামলা বন্ধ থাকে, তবে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষা কার্যক্রম স্থগিত রাখবে এবং আগামী দুই সপ্তাহ সমন্বয়ের মাধ্যমে জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *