২০ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদু্জ্জমান মিল্লাত, এমপি।
এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশপথ ব্যবস্থাপনায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে, আকাশসীমার ধারণক্ষমতা বাড়বে এবং নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। উন্নত প্রযুক্তির সহায়তায় ট্রাফিক মনিটরিং ও কন্ট্রোল আরও কার্যকর হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সহায়ক হবে। পাশাপাশি এটি বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং বাংলাদেশের আকাশসীমার কৌশলগত গুরুত্ব আরও বাড়াবে। ভবিষ্যতে FIR সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বেবিচক এর সদস্য (এটিএম) এয়ার কমডোর মোঃ নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে এবং ভাইস প্রেসিডেন্ট থেলাস, সাউথ ইস্ট এশিয়া নিকোলাস বৌভেরট ।
মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম, এমপি তাঁর বক্তব্যে বলেন, দেশের বেসামরিক বিমান চলাচল খাতে আজ একটি ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে। আধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে। তিনি প্রকল্প বাস্তবায়নে ফ্রান্স সরকার ও সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, থ্যালেসের সরবরাহকৃত প্রযুক্তি আকাশসীমা ব্যবস্থাপনায় সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে। মন্ত্রী আরও বলেন, সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ বিমান চলাচল খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাননীয় প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা হয়েছে। এই আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা বিমান চলাচলকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা গড়ে তোলার নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ধারাবাহিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে ভিআইপি ক্রেস্ট প্রদান করা হয় ঢাকা-১৮ আসনে মাননীয় সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন, ময়মনসিংহ ৮ আসন এর মাননীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, এবং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার এর এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বেবিচক-এর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
