তেল সংকট নিয়ে সরকার পরিকল্পিত নাটক করছে: নাহিদ ইসলাম

দেশে চলমান জ্বালানি তেলের তীব্র সংকটকে সরকারের ‘পরিকল্পিত নাটক’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার একদিকে জাতীয় সংসদে পর্যাপ্ত জ্বালানি মজুতের আশ্বাস দিচ্ছে, অন্যদিকে বাস্তবে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে চরম ভোগান্তিতে ফেলছে। তিনি অভিযোগ করেন, তেলের পাম্পে দীর্ঘ লাইন সৃষ্টি করে জনগণের মধ্যে এমন এক মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়েছে, যেন তারা বেশি দাম দিয়েই তেল কিনতে বাধ্য হয়। এমনকি এই সংকটের অজুহাতে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করারও সমালোচনা করেন তিনি।

পুরো বিষয়টিকে সিন্ডিকেটের কারসাজি উল্লেখ করে তিনি বলেন, সরকারের সরাসরি প্রশ্রয় ও অংশগ্রহণ ছাড়া এই লুটপাট সম্ভব ছিল না। স্বচ্ছতার অভাব ও অব্যবস্থাপনার কারণে আজ সাধারণ মানুষ জ্বালানি নিরাপত্তাহীনতায় ভুগছে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ‘আপ বাংলাদেশ’-এর ৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, কে আগে কোন দল বা সংগঠনে ছিল সেটি বড় কথা নয়; যারা ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির সাথে জড়িত নয়, তাদের জন্যই এনসিপির দুয়ার খোলা। দায়বদ্ধতা ও মানুষের প্রতি দরদভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই এই দলের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *