লাউয়াছড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত; সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে তাৎক্ষণিকভাবে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আজ শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর তেলের ওয়াগনের বগিটি লাউয়াছড়া বনের গহীন এলাকায় আটকে আছে। এই রেল দুর্ঘটনার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা কোনোভাবেই সম্ভব নয়।’ কুলাউড়া বা আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগিটি সরানোর কাজ শুরু হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *