শেখ হাসিনার মতো রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে বিএনপি, মানুষ রাস্তায় নামলে পালাবার পথ পাবেন না: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে বিএনপি। তারা (আওয়ামী লীগ) দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আর দেশের মানুষ রাস্তায় নামলে আপনারা (বিএনপি) পালিয়ে যাওয়ার পথ পাবেন না।’

আজ শুক্রবার (২৯ মে) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং জনশক্তিদের নিয়ে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। খুন-ধর্ষণ, চাঁদাবাজি ও লুটপাট অব্যাহতভাবে চলছে। তিনি একটি চাঞ্চল্যকর পরিসংখ্যান তুলে ধরে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত দেশে মোট ১১৮ জন শিশু ও নারীকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে এবং পাশাপাশি তাদের হত্যাও করা হয়েছে।

শিবির সভাপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, সব ধর্ষণ ও হত্যাকারীদের যদি দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হতো, তবে সমাজে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। মূলত দেশে বিচারহীনতার সংস্কৃতি জেঁকে বসার কারণেই একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে।

নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অনেকে। এ সময় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক জনশক্তি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *