শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার, খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং এই বর্বরোচিত ঘটনার পেছনের দেশি-বিদেশি চক্রান্ত উদ্ঘাটনের দাবিতে নতুন আন্দোলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার (৩ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের এতদিন পার হলেও তদন্তে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। খুনিদের আইনের আওতায় আনতে প্রশাসনের এই স্থবিরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও জানান, তদন্তে ধীরগতির কারণেই তারা আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন।
ঘোষিত নতুন কর্মসূচির অংশ হিসেবে দ্রুততম সময়ের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী এবং পলাতক খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
