‘ও এখন আর মাঠ কাঁপানো ফুটবলার নেই’—নেইমারকে দলে নেওয়ায় ক্ষুব্ধ ব্রাজিলিয়ান সাংবাদিক

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। তবে কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের দলে জায়গা পাওয়ার দিন দুয়েক পরই আবারও নতুন করে চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে স্কোয়াডে থাকলেও বিশ্বকাপে তিনি কতটুকু মাঠে নামার সুযোগ পাবেন, তা নিয়ে ফুটবল দুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এরই মধ্যে ব্রাজিলের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মাউরো সেজারো দাবি করেছেন, দলে নেইমারের অন্তর্ভুক্তি কোনো ফুটবলীয় কারণে নয়, বরং স্রেফ ‘মার্কেটিং’ বা বাণিজ্যের উদ্দেশ্যে করা হয়েছে।

ব্রাজিলের জনপ্রিয় ইউওএল (UOL) চ্যানেলের ‘পসে জি বোলা’ টকশোতে অংশ নিয়ে মাউরো সেজারো নেইমারকে দলে রাখার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “গত সোমবার স্কোয়াড ঘোষণার দিন আমরা যা দেখলাম, তা আসলে একটা করুণ ও সস্তা মার্কেটিংয়ের নাটক ছাড়া আর কিছুই নয়। ব্যাপারটা খুবই সাধারণ। এখন দেখে মনে হচ্ছে আমরা যেন এখনও ২০১৪ সালেই পড়ে আছি।”

নেইমারের বর্তমান ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে এই প্রবীণ সাংবাদিক আরও বলেন, “২০১৪ সালে চোটাক্রান্ত নেইমারকে দলে নেওয়াটা তাও অর্থবহ ছিল, কিংবা ২০১০ সালেও ওকে নেওয়া যেত—যদিও দুঙ্গা তখন নেননি। কিন্তু বর্তমানে ও মাঠে যা খেলছে, দোহাই আপনাদের, এই অবস্থায় ওকে দলে নেওয়ার কোনো যৌক্তিকতাই নেই। সান্তোস নিজেদের মাঠে খেলেও প্যারাগুয়ের পুঁচকে ক্লাব রেকোলেতার সঙ্গে জিততে পারল না, যাদের মাসকট হচ্ছে একটা মুরগির ছানা!”

মাউরো মনে করেন, নেইমার তার ক্যারিয়ারের সেরা ফর্ম অনেক আগেই হারিয়েছেন এবং ক্লাব ফুটবলেও এখন ধুঁকছেন। তার মতে, নেইমারকে এখন আর মাঠ কাঁপানো ফুটবলার বলা চলে না।

দলে নেইমারের প্রভাব খাটানোর দিকে ইঙ্গিত করে তিনি যোগ করেন, “নেইমার কিন্তু এখন আর আগের মতো সেই জাদুকরী ফুটবলার নেই। ওকে দলে নেওয়া হচ্ছে স্রেফ প্রভাব খাটিয়ে, গায়ের জোরে। শারীরিক সমস্যা থাকার পরও ওকে জাতীয় দলে ডাকাটা আসলে ‘গায়ের জোরে’ নেওয়া এবং এটি এখন স্রেফ একটা বাণিজ্যিক খেলায় পরিণত হয়েছে।”

কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওরা যখন হেক্সা মিশনের প্রস্তুতি নিচ্ছে, তখন নেইমারকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য ব্রাজিলের ফুটবল মহলে নতুন করে বিতর্কের জন্ম দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *