“শহীদ মিনারে রুমিন ফারহানাকে বাধা ও হামলার জেরে মামলা; আসামি বিএনপির দেড়শ নেতাকর্মী।”

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা এবং তাঁর কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ প্রায় ১৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রুমিন ফারহানার কর্মী আহাদ বাদী হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যান রুমিন ফারহানা। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে আগে থেকে অবস্থান করা আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয়। নিরাপত্তার স্বার্থে শ্রদ্ধা নিবেদন না করেই এলাকা ত্যাগ করেন তিনি।

এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ওই রাতেই সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার সমর্থকরা। এর ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় পরবর্তীতে বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করে। এরপর থেকেই স্থানীয় বিএনপির একাংশের সঙ্গে তাঁর বিরোধ তুঙ্গে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *