বয়সের ভারে ন্যুব্জ এবং চোখে দেখতে পান না নূরজাহান বেগম। কিন্তু তাঁর মনের গভীরে দীর্ঘদিনের একটি সুপ্ত স্বপ্ন ছিল—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যাওয়ার এবং তাঁর সঙ্গে কথা বলার। দৃষ্টিহীন সেই বৃদ্ধার সেই লালিত স্বপ্ন অবশেষে আজ পূরণ হয়েছে। তিনি সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। চোখে দেখতে না পেলেও ছুঁয়ে অনুভব করেছেন তাঁর প্রিয় নেতার উপস্থিতি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করে জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ রোববার (৩১ মে) রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মানবিক কর্মসূচির একপর্যায়েই প্রধানমন্ত্রীর সঙ্গে নূরজাহান বেগমের সাক্ষাতের সুযোগ তৈরি হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। নূরজাহান বেগম প্রধানমন্ত্রীর হাত ধরে তাঁর জন্য প্রাণভরে দোয়া করেন। এই দৃশ্য দেখে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। জানা গেছে, নূরজাহান বেগমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকায়। বর্তমানে তাঁর স্বামী বা সন্তান কেউই বেঁচে নেই, সম্পূর্ণ একাকী জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই বৃদ্ধা।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আজ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
