কুড়িগ্রামে নৌকা না পেয়ে হোটেলে রাত কাটানোই কাল হলো গৃহবধূর, গ্রেফতার মালিক

কুড়িগ্রামের চিলমারীতে চরের বাড়িতে ফেরার পথে আবাসিক হোটেলে রাত্রিযাপন করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় অভিযুক্ত ‘হোটেল কলি’র মালিক কবির মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা ইউনিয়নের রমনা ফেরিঘাট এলাকায়। শনিবার (৩০ মে) সকালে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ মে) রাতে জেলার উলিপুর উপজেলার ঘুঘুমারীরচর এলাকার ওই নারী তার স্বামীকে নিয়ে খালার বাড়ি সৈয়দপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। রমনা ফেরিঘাটে পৌঁছাতে দেরি হওয়ায় তারা চরে যাওয়ার কোনো নৌকা পাননি। নিরুপায় হয়ে রাত কাটানোর জন্য তারা ঘাট এলাকার আবাসিক ‘হোটেল কলি’তে রুম ভাড়া নেন। গভীর রাতে হোটেলের মালিক কবির মিয়া ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরদিন শুক্রবার (২৯ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চিলমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হোটেল মালিক কবির মিয়াকে গ্রেফতার করে।

চিলমারী থানা পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামিকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *