রাজধানীর মিরপুর বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানীর জন্য ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা, কসমেটিক্স এবং তার নানীর জন্য শাড়িসহ বিশেষ ‘ঈদ উপহার’ হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের হাতে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন।
কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে নানীকে সহায়তার সময় রাস্তা পার হতে গিয়ে আহত হয় শিশু ফাতেমা। সে সময় ডিউটিরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটিকে পরম মমতায় চিকিৎসা সেবা প্রদান করেন। সেই মানবিক দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তারই ধারাবাহিকতায় এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন তিনি।
