জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব ও সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (১৭ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, মীর শাহে আলম তার নিজ মন্ত্রণালয়ের (এলজিআরডি) নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি এখন থেকে জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবেন এবং সংশ্লিষ্ট সংসদীয় কার্যক্রমে সরকারের প্রতিনিধিত্ব করবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে সংসদীয় কার্যক্রমে মীর শাহে আলমের গুরুত্ব ও কাজের পরিধি আরও বিস্তৃত হলো। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগের সংসদীয় কাজগুলো এখন থেকে তাকেই মূল ভূমিকা পালন করতে দেখা যাবে।
