বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে লাগা এই আগুনের পর আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুই বৃদ্ধ রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মেডিসিন ভবনের পঞ্চম তলার বারান্দায় রাখা লেপ-তোষকের স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো ফ্লোর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মৃতরা হলেন – বরিশাল নগরীর কাশিপুরের বাসিন্দা আবুল হোসেন (৬০) এবং পটুয়াখালীর বদরপুরের কাজী আতাউর রহমান (৮০)। আবুল হোসেন ব্রেইন স্ট্রোক এবং আতাউর রহমান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চতুর্থ তলায় চিকিৎসাধীন ছিলেন। স্বজনদের অভিযোগ, আগুনের আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নামার সময় দীর্ঘক্ষণ অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় তাঁদের মৃত্যু হয়েছে।
শেবাচিমের সহকারী পরিচালক ডা. আব্দুল মুনয়েম সাদ জানান, ওই ভবনে প্রায় ১৪৮ জন রোগী ছিলেন। তদন্ত ছাড়া আগুনের প্রকৃত কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারীও জানিয়েছেন, তদন্তের পরই আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে আতঙ্কিত অনেক রোগী হাসপাতালের খোলা স্থানে আশ্রয় নিয়েছেন।
