ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) আধাসামরিক শাখা ‘বাসিজ ফোর্স’-এর প্রধান গোলাম সোলেইমানি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, সোলেইমানি ‘আমেরিকান-জায়নিস্ট’ শত্রুদের হামলায় নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছে যে, মার্কিন সন্ত্রাসী বাহিনী এবং ইসরায়েলি শাসনের বিরুদ্ধে বাসিজ যোদ্ধারা কঠোর প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে না। তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাৎজ নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকেও হত্যার দাবি করলেও, আইআরজিসি-র বিবৃতিতে লারিজানির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনা চলাকালে হঠাৎ যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন। এরপর থেকেই ইরান মরিয়া হয়ে ইসরায়েলি ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।
চলমান এই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিশ্ব অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম প্রতিদিন হু হু করে বাড়ছে, যা বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইরানের পরমাণু স্থাপনায় বড় ধরনের হামলার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, যা বর্তমানে এক ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে।
