গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে এক অজ্ঞাত পরিচয়ের নারীর তিন খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির ডোবা থেকে এই বীভৎস মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধের মাত্রা অসহনীয় হয়ে উঠলে উৎস খুঁজতে শুরু করেন বাড়ির ভাড়াটিয়ারা। একপর্যায়ে বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবায় কচুরিপানার মধ্যে মানবদেহের খণ্ডিত অংশ ভাসতে দেখে বাড়ির মালিককে জানানো হয়। পরে পুলিশে খবর দিলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের তিনটি অংশ উদ্ধার করে।
বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তার বাড়িটি মূলত স্থানীয় পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া। রান্নাবান্না ও ব্যবহারের পানি নিষ্কাশনের জন্য তৈরি করা ছোট ডোবাটিতে দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে ছিল। সেখানেই এই নৃসংশ হত্যাকাণ্ডের চিহ্ন পাওয়া যায়।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। খণ্ডিত দেহাংশের কারণে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পিবিআই পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
