ঢালিউডে ঈদের আমেজ শুরু হতে না হতেই উত্তাপ ছড়াচ্ছে সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে। শুক্রবার মধ্যরাতে ট্রেলারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সিয়াম নিজেই রহস্যময় ক্যাপশনে লিখেছেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে, আর তখনই শুরু হয় কোপ।’
ট্রেলারের শুরুতেই সিয়ামের এক গভীর সংলাপ দর্শকদের ভাবিয়ে তুলেছে—‘নারী কিসে আটকায়? নারী আটকায় লোভে।’ পুরো ট্রেলারজুড়ে সিয়ামকে দেখা গেছে রক্তমাখা হাতে, লম্বা চুল আর গালভর্তি দাড়িতে এক বিধ্বংসী লুকে। ধারাল অস্ত্রের কোপ আর সহিংসতার মাঝে এক পাগলাটে প্রেমের গল্পের ইঙ্গিত দিচ্ছে এই ট্রেলার।
সিনেমায় সিয়ামের বিপরীতে প্রথমবারের মতো ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। এছাড়া চমক হিসেবে ট্রেলারে দেখা মিলেছে জনপ্রিয় ‘জিল্লু’ চরিত্রের, যা ফুটিয়ে তুলেছেন ওপার বাংলার শ্যাম ভট্টাচার্য। বলিউডের নাতালিয়া জানোসজেককে দেখা যাবে একটি জমকালো আইটেম গানে। তবে ট্রেলারের শেষ দিকে দেখা যাওয়া রহস্যময় খলনায়কের পরিচয় এখনো আড়ালেই রাখা হয়েছে।
