জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় এবার মুখ খুললেন ‘আয়নাবাজি’ খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা। সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে আত্মহত্যাকে ‘স্বার্থপরতা’ হিসেবে আখ্যা দিয়ে নিজের কঠোর অবস্থান জানান এই অভিনেত্রী।
নাবিলা তার পোস্টে শুরুতেই দুঃখ প্রকাশ করে লিখেন, তিনি আত্মহত্যাকে অত্যন্ত স্বার্থপর একটি কাজ বলে মনে করেন। তার মতে, নিজের কষ্ট যদি বাবা-মা আর সন্তানের কষ্টের চেয়ে বড় হয়ে দাঁড়ায় এবং সন্তানকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে নিজের মুক্তি খোঁজা হয়, তবে তা স্বার্থপরতা ছাড়া আর কিছু নয়।
জনপ্রিয় অভিনেতা জাহের আলভীকে উদ্দেশ্য করে নাবিলা কিছুটা ক্ষোভের সুরে লিখেন— “হিরোগিরি শুধু পর্দায় দেখালেই চলবে? পরিস্থিতি এবং আপনার কর্মকাণ্ডের হিসাব নিন!”
তিনি আলভী-ইকরা দম্পতির ৪ বছর বয়সী একমাত্র ছেলেটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন এবং ইকরার শোকসন্তপ্ত বাবা-মাকে ধৈর্য ধরার শক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
প্রেম-ভালোবাসার টানে চরম পথ বেছে নেওয়া তরুণ-তরুণীদের উদ্দেশ্যে নাবিলা লিখেন, “দয়া করে মনে রাখবেন, জীবন ভালোবাসা এবং সম্পর্কের চেয়ে অনেক বড়। জীবন কখনোই রূপকথার গল্প নয়। এটি কঠিন ও নির্মম হলেও এর আলাদা আকর্ষণ আছে।” তিনি বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলেন, সন্তানের জন্য বেঁচে থাকা এবং লড়াই করার মাঝেই জীবনের আসল সার্থকতা। সব কষ্টের মধ্যেও মর্যাদার সাথে বেঁচে থাকা অনেক বেশি সন্তোষজনক।
