সময় নষ্ট ও বর্ণবাদ রুখতে ফিফার কড়া আইন, বদলে যাচ্ছে বিশ্বকাপের ফুটবল

মাত্র ১০ দিন পর পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বমঞ্চে শুধু দলের সংখ্যাই বাড়ছে না, আমূল বদলে যাচ্ছে ফুটবলের চেনা কিছু নিয়মও। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ‘ইফাব’ (IFAB) বেশ কয়েকটি যুগান্তকারী পরিবর্তন অনুমোদন করেছে, যা এই বিশ্বকাপ থেকেই কার্যকর হবে। ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, সময় নষ্ট কমানো, ম্যাচের গতি বাড়ানো এবং বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণ রুখতেই এই কঠোর পদক্ষেপ।

বিশ্বকাপে দর্শকদের চোখ রাখতে হবে ফুটবলের এই নতুন নিয়মগুলোর ওপর:

  • মুখ ঢেকে কথা বললেই বিপদ: মাঠে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কোনো খেলোয়াড় হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বললে সরাসরি লাল কার্ড দেখতে পারেন। মূলত প্রতিপক্ষের ওপর বর্ণবাদী বা বৈষম্যমূলক মন্তব্য লুকাতেই খেলোয়াড়রা মুখ ঢাকেন—এমন বিতর্ক ঠেকাতে এই নিয়ম। তবে সাধারণ বন্ধুত্বপূর্ণ কথোপকথনের ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে না।
  • প্রতিবাদে মাঠ ছাড়লে লাল কার্ড: রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে চলে গেলে তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। কোনো টিম অফিশিয়াল যদি খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দেন, তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো দল মাঠ ছাড়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হলে তারা সরাসরি ম্যাচ হারবে।
  • থ্রো-ইন ও গোল-কিকে ৫ সেকেন্ডের কাউন্টডাউন: সময় নষ্ট করা বন্ধ করতে থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রে রেফারি হাত তুলে ৫ সেকেন্ডের একটি দৃশ্যমান কাউন্টডাউন শুরু করবেন। নির্ধারিত সময়ে থ্রো-ইন না নিলে বল প্রতিপক্ষ পেয়ে যাবে। আর গোল-কিক নিতে দেরি হলে প্রতিপক্ষ দল কর্নার কিকে বল পাবে।
  • বদলির সময় মাত্র ১০ সেকেন্ড: মাঠ থেকে তুলে নেওয়া খেলোয়াড়কে বোর্ড দেখানোর ১০ সেকেন্ডের মধ্যে সবচেয়ে কাছের বাউন্ডারি লাইন দিয়ে মাঠ ছাড়তে হবে। ব্যর্থ হলে বদলি হিসেবে নামা খেলোয়াড় সঙ্গে সঙ্গে নামতে পারবেন না; তাকে আরও এক মিনিট অপেক্ষা করতে হবে।
  • চিকিৎসা নিলে ১ মিনিট বাইরে: মাঠে মেডিকেল স্টাফ ঢুকে কোনো আউটফিল্ড খেলোয়াড়কে চিকিৎসা দিলে, খেলা শুরু হওয়ার পর তাকে বাধ্যতামূলকভাবে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের চোট, মাথায় আঘাত বা কনকাশনের মতো গুরুতর বিষয়ে এই নিয়ম শিথিল থাকবে।
  • ভিএআরের (VAR) পরিধি বৃদ্ধি: ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো, ভুল কর্নার সিদ্ধান্ত সংশোধন বা সেট-পিস নেওয়ার আগের ফাউলগুলোর ক্ষেত্রে এখন থেকে ভিএআর রেফারিকে অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দিতে পারবে।
  • প্রতি অর্ধে পানির বিরতি: ২০২৬ বিশ্বকাপের তীব্র গরমের কথা বিবেচনা করে প্রতিটি ম্যাচের দুই অর্ধে (সাধারণত ২২ মিনিটের মাথায়) ৩ মিনিটের একটি করে হাইড্রেশন ব্রেক বা পানির বিরতি থাকবে।
  • গোলরক্ষকের চোটে ‘টাইমআউট’ নিষিদ্ধ: মাঠে গোলরক্ষক চোট পেয়ে চিকিৎসা নিলে সেই সুযোগে অন্য খেলোয়াড়রা মাঠের পাশে গিয়ে কোচের কাছ থেকে কৌশলী পরামর্শ (টাইমআউট) নিতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *