সরকারি চাকুরেদের জন্য খুশির খবর: ঈদে টানা ৭ দিনের লম্বা ছুটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। পূর্বঘোষিত ৫ দিনের ছুটির সাথে নতুন করে আগামী ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার টানা ৭ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের ছুটি নির্ধারিত ছিল। তবে এর ঠিক আগেই ১৭ মার্চ শবে কদরের ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ অফিস খোলা থাকায় সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ফেরা কিছুটা ঝামেলা ছিল। সেই সুবিধার্থেই ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

১৭ মার্চ শবে কদর থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলবে এই ছুটি। ১৭ মার্চ (শবে কদরের ছুটি), ১৮ মার্চ (নতুন ঘোষিত ছুটি), ১৯ ও ২০ মার্চ (ঈদের আগের ছুটি), ২১ মার্চ (ঈদের দিন) এবং ২২ ও ২৩ মার্চ (ঈদের পরের ছুটি)। ফলে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটাতে লম্বা সময় পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *