সরকারি কাজে গতিশীলতা ও জনসেবা নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনেও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার যে ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়নে সশরীরে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ প্রথমবারের মতো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করেছেন তিনি।
শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অফিসে প্রবেশের আগে পরিবেশ রক্ষা ও সবুজায়নের প্রতীক হিসেবে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। চারা রোপণ শেষে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ প্রশাসনের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
