সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেপ্তার

লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে নাশকতা ও হত্যাসহ মোট ৫টি মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ তার অবস্থান শনাক্ত করে। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুমীকে ইতিমধ্যে লালমনিরহাটে নিয়ে আসা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

অ্যাডভোকেট সফুরা বেগম রুমী লালমনিরহাট শহরের তালুক খুটামারা এলাকার আব্দুল্লাহর স্ত্রী। তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম)-এর সাবেক সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পদেও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *