ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোসের সংকট চরম আকার ধারণ করেছে। নেইমারের পরিবারের প্রতিষ্ঠান ‘এনআর স্পোর্টস’-এর সাথে করা একটি বিতর্কিত আর্থিক চুক্তির জেরে ক্লাবটি এখন গভীর অনিশ্চয়তার মুখে। প্রায় ১৮ মিলিয়ন পাউন্ডের দেনাকে কেন্দ্র করে ক্লাব সভাপতি মার্সেলো তেইশেইরার পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে।
অভিযোগ উঠেছে, এই চুক্তিতে এমন কিছু শর্ত রাখা হয়েছে যা ক্লাবের স্বার্থের পরিপন্থি। প্রসিকিউটরদের দাবি, চুক্তিতে উল্লেখ আছে যে সভাপতির পুনর্নির্বাচন না হলে বা ক্লাবের কাঠামো পরিবর্তন হলে পুরো অর্থ একসাথে পরিশোধ করতে হবে। এছাড়া, ঐতিহ্যবাহী ‘মেনিনোস দা ভিলা’ ট্রেনিং গ্রাউন্ডকে জামানত হিসেবে ব্যবহার করা নিয়েও তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট পরিষদের অনুমোদন ছাড়াই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। বর্তমানে সান্তোসের মোট দেনা দাঁড়িয়েছে প্রায় ১৪৬ মিলিয়ন পাউন্ডে। একটি কিস্তি পরিশোধে ব্যর্থ হলেই পুরো অর্থ একসাথে পরিশোধের চাপ তৈরি হতে পারে, যা ক্লাবকে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ফেলবে।
বর্তমানে সান্তোসের অভ্যন্তরীণ কমিটির ওপর পরবর্তী পদক্ষেপের ভার দেওয়া হয়েছে। তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করছে ক্লাবের ভবিষ্যৎ পথচলা।
