সারা দেশে বৃষ্টির ভোগান্তি চরমে; ৪ মে’র আগে থামছে না বর্ষণ

রাজধানীসহ সারা দেশে কয়েক দিন ধরে চলা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া আরও অন্তত ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ মে পর্যন্ত দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

টানা বৃষ্টিতে খেটে খাওয়া সাধারণ মানুষের দুর্ভোগ কয়েক গুণ বেড়ে গেছে। রাজধানীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর ও রিকশাচালকদের আয়-রোজগারে বড় ধরনের প্রভাব পড়েছে।

আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের কারণে এই আগাম মৌসুমি বৃষ্টি হচ্ছে। এই সময়ে বৃষ্টির সাথে তীব্র বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ঢাকা ও চট্টগ্রামসহ পাঁচটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *