নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় পদক্ষেপ নিল বিএনপি সরকার। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের লক্ষ্যে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় একযোগে ৫৪টি খালের খনন কাজ উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে কোদাল হাতে সাহাপাড়া খালের মাটি কেটে কর্মসূচির সূচনা করেন। এ সময় উপস্থিত হাজারো মানুষের মাঝে অভূতপূর্ব আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় কৃষকরা মনে করছেন, এই খাল খননের ফলে তাদের দীর্ঘদিনের সেচ সমস্যার স্থায়ী সমাধান হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে কৃষি সেচ নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
উল্লেখ্য, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবনে প্রথম এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই সময় দেশজুড়ে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়েছিল। দীর্ঘ সময় পর একই আঙ্গিকে এই উন্নয়নমূলক কাজ শুরু করে বিএনপি সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণ করল।
