ইরানের নৌবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন, তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। সোমবার (১৬ মার্চ) ইরানি সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি ট্রাম্পের দাবির কড়া সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “ট্রাম্পের যদি সাহস থাকে, তবে তিনি পারস্য উপসাগরে তাঁর জাহাজ পাঠিয়ে দেখুক কী পরিণতি হয়।”
নাইনি আরও দাবি করেন যে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে পুরোপুরি আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের নৌবাহিনী ধ্বংস করেছেন; যদি তা-ই হয়, তবে তিনি কেন তাঁর জাহাজ এই অঞ্চলে পাঠাতে ভয় পাচ্ছেন?”
সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে মার্কিন ও মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের ওপর ইরান নিষেধাজ্ঞা আরোপ করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ট্রাম্পের দাবি এবং তার জবাবে ইরানি সামরিক কর্মকর্তার এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
