সাবেক ছাত্রদল নেতার বাড়ি থেকে ৫৮ ব্যারেল বিটুমিন উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সাবেক ছাত্রদল নেতা শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের বাড়ি থেকে ৫৮ ব্যারেল বিটুমিন উদ্ধার করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বিটুমিন জব্দ করা হয়।

শাকিল মাহমুদ পলাশ হাওলাদার জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ‘মেসার্স পলাশ এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, ঝালকাঠি জেলা সদরের ‘শ্যাডো কনস্ট্রাকশন’-এর মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন কেনেন। গত ২ মার্চ ঝালকাঠি থেকে সেই বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠি সদর থানায় মামলা করেন ভুক্তভোগী ঠিকাদার। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরিতে ব্যবহৃত ট্রাকটি শনাক্ত এবং এর চালককে আটক করে পুলিশ। ট্রাকচালকের দেওয়া তথ্যের ভিত্তিতেই পলাশ হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি সদর থানার এসআই আসাদুল ইসলাম জানান, সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হওয়া ব্যক্তির তথ্যের ভিত্তিতেই এই উদ্ধার অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত বিটুমিনের কোনো বৈধ কাগজপত্র পলাশ দেখাতে পারেননি।

তবে অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেছেন, ৫৮ ব্যারেলের মধ্যে ৩৩ ব্যারেল বিটুমিনের বৈধ কাগজপত্র তার কাছে আছে। বাকি ২৫ ব্যারেল বিটুমিন কে বা কারা তার মালামালের সঙ্গে রেখেছে, তা তিনি জানেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *