দেড় মাসের কাইফাকে নিয়ে কারাগার থেকে বাসায় ফিরলেন শিল্পী বেগম

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেড় মাস বয়সী কন্যাসন্তানসহ তিনি বেরিয়ে আসেন।

গত সোমবার (২০ এপ্রিল) রাতে তেজগাঁওয়ের রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে দেড় মাস বয়সী শিশুসন্তান কাইফা ইসলাম সিমরানসহ কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন। তবে বিচারকের স্বাক্ষর সম্পন্ন হতে দেরি হওয়ায় এবং জামিনের নথিপত্র কারাগারে পৌঁছাতে সময় লাগায় মঙ্গলবার রাতে তাঁকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। ফলে দুগ্ধপোষ্য শিশুসহ ওই নেত্রীকে এক রাত কারাগারেই অবস্থান করতে হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, বুধবার সকালে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টার আগেই শিল্পী বেগম ও তাঁর সন্তানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *