মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। কিছু দাপ্তরিক কাজ সম্পাদন করার পর তিনি আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এগিয়ে এলো মন্ত্রিসভার বৈঠকঃ-
সাধারণত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলেও এবার স্বাধীনতা দিবসের কারণে তা এগিয়ে আনা হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় সরকারি ছুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।
