স্মরণকালের সবচেয়ে স্বস্তিদায়ক লঞ্চযাত্রা: নির্ধারিত ভাড়ার চেয়েও কমে মিলছে টিকিট

নৌপথে এবার স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে বলে দাবি করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে বরিশাল নদীবন্দরে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “লঞ্চ মালিকদের অনুরোধ করেছিলাম সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম আদায় করতে। তবে সরেজমিনে দেখা গেছে, লঞ্চগুলো ভাড়ার ওপর আরও ৩ শতাংশ ছাড় দিচ্ছে। ঘাটে এবার অনাকাঙ্ক্ষিত কোনো ভিড় বা দালালের দৌরাত্ম্য নেই।”

তিনি আরও জানান, পল্টুন হকারমুক্ত করার চেষ্টা চলছে এবং যাত্রীদের টানাহেঁচড়া বন্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে লঞ্চের সামনে যাত্রী ডাকাডাকি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো লঞ্চের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়, তবে সেই লঞ্চের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকায় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছাড়া পুরো নৌপথ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ছিল উল্লেখ করে রাজিব আহসান বলেন, “আগামী ২৮ মার্চ পর্যন্ত কর্মস্থলমুখী মানুষদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য।” এ সময় বিআইডব্লিউটিএ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *