রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিদ্যুৎ মাতবর ওরফে ‘বোমা বিদ্যুৎ’ (৩৬) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৩। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইন, হত্যা এবং হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি দুর্ধর্ষ অপরাধের মামলা রয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র্যাব-৩ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (২৯ এপ্রিল) রাতে মতিঝিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত বোমা বিদ্যুতের বিরুদ্ধে ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা এবং কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। এছাড়া শরীয়তপুরের জাজিরা থানায় তাঁর বিরুদ্ধে আরও ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।
আদালত একাধিকবার গ্রেফতারি পরোয়ানা জারি করলেও বিদ্যুৎ মাতবর দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মনামে আত্মগোপন করে ছিলেন। র্যাব-৩ এর একটি দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত বোমা বিদ্যুৎ শরীয়তপুরের জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি এলাকার আক্কাস মাতবরের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
