মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ আরও চড়িয়ে হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলার দাবি করেছে ইরান। এই হামলার পরপরই বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি। বুধবার (১১ মার্চ) রয়টার্স ও আল-আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ইব্রাহিম জোলফাকারি জানান, পারস্য উপসাগরে আরও তিনটি জাহাজ আক্রমণের শিকার হয়েছে। তিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, “তেলের দাম ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকো। কারণ জ্বালানির দাম আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভরশীল, আর এই নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করেছে খোদ যুক্তরাষ্ট্র।”
বুধবারও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এ অঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত করার মাধ্যমেই তারা পাল্টা জবাব দিচ্ছে।
তেহরানের একটি ব্যাংক অফিসে হামলার ঘটনার পর জোলফাকারি আরও এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইরান এখন থেকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা ব্যাংকগুলোতেও হামলা চালাবে। জানমালের নিরাপত্তার খাতিরে তিনি মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে এসব ব্যাংক থেকে অন্তত ১,০০০ মিটার দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
