হাইপারসনিকসহ ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান; মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে বড় হামলা

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এবার নতুন সমরকৌশল নিয়ে হাজির হয়েছে ইরান। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ মোট তিন ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৩৪তম দফায় বড় ধরনের হামলা চালিয়েছে তেহরান। মঙ্গলবার (১০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতির বরাত দিয়ে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, এবারের অভিযানে ইসরায়েলি ভূখণ্ড ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে নিখুঁতভাবে নিশানা করা হয়েছে।

এর মধ্যে রয়েছেঃ-

  • সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমান ঘাঁটি (মার্কিন ঘাঁটি)।
  • বাহরাইনের জুফায়ারে অবস্থিত আমেরিকান নৌ-ঘাঁটি।
  • ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দর।
  • তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চার।

ইরান দাবি করেছে, এই হামলায় তারা এমন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। এই গতি ও প্রযুক্তির কারণে অনেক ক্ষেত্রেই প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। আইআরজিসি-র দাবি, তেল আবিবের গোপন লঞ্চারগুলোতে সফলভাবে আঘাত হেনেছে তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র।

হামলার পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। আইডিএফ জানিয়েছে, তাদের রাডার ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে এবং আয়রন ডোমসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো প্রতিহত করতে কাজ করছে।

সূত্র – আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *