হাজংদের উন্নয়নে নিজের তহবিল থেকেও সহায়তার ঘোষণা ডেপুটি স্পিকারের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। হাজং সম্প্রদায় এখনও অনেক পিছিয়ে আছে, তাই তাদের সন্তানদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করা আমার নৈতিক দায়িত্ব। বুধবার (২২ এপ্রিল) সংসদ ভবনস্থ কার্যালয়ে কলমাকান্দা উপজেলার হাজং উপজাতি সমিতির একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে হাজং প্রতিনিধিরা এলাকায় বিশুদ্ধ পানি, শিক্ষার্থীদের বৃত্তি, কর্মসংস্থান এবং রাস্তাঘাট সংস্কারের দাবি জানান। জবাবে ডেপুটি স্পিকার পাহাড়ি এলাকায় গভীর নলকূপ স্থাপন, মাতৃভাষা শিক্ষার সুযোগ এবং মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করার আশ্বাস দেন। বিশেষ করে শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষকদের সম্মানীর ক্ষেত্রে প্রয়োজনে তিনি নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেন।

ব্যারিস্টার কায়সার কামাল আরও জানান, তাঁর নির্বাচনী এলাকার সকল শ্রেণি-পেশার মানুষকে পর্যায়ক্রমে সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার আমন্ত্রণ জানানো হবে, যাতে সাধারণ মানুষ সংসদ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে। সাক্ষাৎকালে হাজং উপজাতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *