দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও কৃত্রিম সংকট রোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে হাতিয়ায় বড় ধরনের অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তমুরদ্দি বাজার এলাকায় নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে ১ হাজার ৬০০ লিটার অবৈধভাবে মজুতকৃত ডিজেল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ‘বেলায়েত মটর পার্টস’ নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৮ ড্রাম ডিজেল পাওয়া যায়। অবৈধভাবে এই জ্বালানি মজুত রাখার দায়ে একজনকে আটক করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, জব্দকৃত ডিজেল এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের জ্বালানি বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
