১১ দলের সচিবালয় ঘেরাও মিছিল, জিরো পয়েন্টে আটকে দিল পুলিশ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল ও গ্যাসসংকট এবং বিদ্যুতের চরম ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদে সচিবালয় অভিমুখে রওনা হওয়া ১১ দলীয় ঐক্যের মিছিল পুলিশি ব্যারিকেডে আটকে গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের জিরো পয়েন্ট অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ রোধ করে।

এর আগে বেলা ১১টায় প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। অবস্থান কর্মসূচি শেষে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নেতারা সচিবালয় ঘেরাও কর্মসূচির উদ্দেশ্যে রাজপথে নামেন।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধানসহ জোটের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ-গ্যাস সংকটে সাধারণ মানুষের জীবন আজ বিপর্যস্ত। এই সংকটের আশু সমাধান ও ভূতুড়ে বিল বন্ধের কার্যকর পদক্ষেপ নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন জোট নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *