ঢাকা: রাজধানী ঢাকার স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে আরও একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করা হচ্ছে। হাসপাতালটির বর্ধিত এই শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর জন্য নীতিগত সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
গতকাল রোববার (১৭ মে) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীকে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে পাঠানো এবং উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, শয্যা সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন বর্ণিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।
রাজধানীর একটি বড় অংশের সাধারণ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল এই মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে হাসপাতালটিতে ৫০০ শয্যার চিকিৎসাসেবা চালু রয়েছে। ধারণক্ষমতার চেয়ে সবসময় দ্বিগুণ-তিনগুণ রোগী ভর্তি থাকায় এখানে শয্যা সংকটের কারণে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হতো। হাসপাতালটি ১ হাজার শয্যায় উন্নীত হওয়ায় এখন আরও বিপুলসংখ্যক রোগী আধুনিক চিকিৎসাসেবার আওতায় আসবে এবং সেবার মান উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
