২০ জেলায় ঝড়ের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি

ঢাকাসহ দেশের ২০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাস অনুযায়ী— রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরেক পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার ফলে পাহাড়ী এলাকায় ভূমিধস এবং নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *