নির্বাচনের আগের বাণিজ্য চুক্তিতে স্বার্থবিরোধী ধারা রয়েছে: সংসদে রুমিন ফারহানা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত বিতর্কিত বাণিজ্য চুক্তিটি সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে তড়িঘড়ি করে সই হওয়া এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী অনেক ধারা রয়েছে। আজ বুধবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, গতকাল মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। সেখানে দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণ, কৃষি ও জ্বালানিপণ্য আমদানি এবং নীতি সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি কেন এই চুক্তি স্বাক্ষর করা হলো? তিনি দাবি করেন, দেশের সুশীল সমাজ ও থিংক ট্যাংকগুলো তখন আপত্তি জানালেও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তা আমলে নেয়নি।

রুমিন ফারহানা আরও বলেন, “এই চুক্তিতে এমন অনেক ‘ক্লজ’ আছে যা বাংলাদেশের জন্য ক্ষতিকর। সরকার চাইলে এখনো ৬০ দিনের মধ্যে এটি বাতিল করতে পারে। আমি দাবি জানাচ্ছি, চুক্তিটি দ্রুত সংসদে আনা হোক এবং সংসদ সদস্যদের আলোচনার সুযোগ দেওয়া হোক।”

রুমিন ফারহানার বক্তব্যের এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে থামিয়ে দিয়ে বলেন, এটি কোনো পয়েন্ট অব অর্ডার নয়। পয়েন্ট অব অর্ডার হতে হয় সংসদের চলমান বিষয়ে বা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। স্পিকার তাঁকে যথাযথ প্রক্রিয়ায় নোটিশ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, নোটিশ দিলে বিষয়টি বিবেচনা করা হবে। স্পিকার তাঁর দাবি গ্রহণ না করলেও রুমিন ফারহানা আরও সময় নিয়ে তাঁর বক্তব্য শেষ করার চেষ্টা করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশ্নোত্তর পর্ব শেষে অধিবেশনে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *